নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ।। ৩১শে জুলাই, ২০১৬ (রবিবার) ত্রিপুরায় ব্রডগেজ রেলের সম্প্রসারণ গোটা ত্রিপুরাবাসীর জন্য স্মরনীয় তালিকায় লিপিবদ্ধ হয়ে থাকবে চিরকাল। বাধারঘাটস্থিত আগরতলা রেল স্টেশনে আগরতলা-আনন্দ বিহার (দিল্লী) ব্রডগেজ রেলের শুভারম্ভ হয়, একই দিনে আগরতলা-আখাউড়া রেল যোগাযোগের শিলান্যাস হাজার হাজার মানুষের উচ্ছ্বাসে বাড়তি মাত্রা এনে দেয়। আগরতলা-আনন্দ বিহার (দিল্লী) ব্রডগেজ রেলের শুভারম্ভ এবং আগরতলা-আখাউড়া রেল যোগাযোগের শিলান্যাস অনুষ্ঠান শেষে রবিবার রাতে নান্দনিকতার সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি এই রেল স্টেশনের সামনে লোহার তৈরি কালভারের ফাঁকে হঠাৎ জনৈক এক ব্যক্তির পা ঢুকে যায়। জানা যায়, গুরুতর আহত ব্যক্তির নাম সফিদুল ইসলাম, বাড়ী সোনামুড়া। ঘটনার খবর পেয়ে ছুটে যান অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা সহ রেলের সিনিয়র ইঞ্জিনিয়ার। অনেক চেষ্টার পর আহত ঐ ব্যক্তিকে উদ্ধার করে বাড়ী পাঠানো হয়।
