সিপিআই(এম)-র বিজয় সমাবেশ খোয়াই বিধানসভা কেন্দ্রে

cpimগোপাল সিং, খোয়াই, ০৪ ডিসেম্বর ৷৷ ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে এবং রেকর্ড ব্যবধানে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী বিশ্বজিৎ দত্তের জয়ের আনন্দে গা ভাসালেন খোয়াইয়ের বাম কর্মী-সমর্থকরা। শনিবার খোয়াই নৃপেন চক্রবর্তী এভিন্যু স্থিত মোহর মুক্ত মঞ্চে এক বিজয় সমাবেশের আয়োজন করা হয়। খোয়াইয়ের বিভিন্ন অঞ্চল থেকে মিছিল করে বাম কর্মী-সমর্থকরা নৃপেন চক্রবর্তী এভিন্যুতে একত্রিত হন। এদিন বিকাল চারটা নাগাদ শুরু হয় জনসভা। বিজয় সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পদ্মকুমার দেববর্মা, ড. রঞ্জিত দেববর্মা, নব নির্বাচিত বিধায়ক তথা সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত প্রমুখ। বিজয় সমাবেশের শুরুতে উদ্বোধনী ভাষন রাখেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ড. রঞ্জিত দেববর্মা। তিনি বামফ্রন্টের বিভিন্ন উন্নয়নমুলক কাজের বিবরন দেন। সেই সাথে রেকর্ড ব্যবধানে বাম প্রার্থীকে বিজয়ী করার জন্য খোয়াইবাসীকে অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর ভাষন রাখেন সিপিআই(এম) খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে ৫০ বছর পর খোয়াই বিধানসভায় এত বেশী ভোটের ব্যবধানে জয়ী হল বাম প্রার্থী। এর আগে প্রথমবার কংগ্রেস দলের পক্ষে সুনীল দত্ত রেকর্ড তৈরী করেছিলেন। দ্বিতীয়বার বিশ্বজিৎ দত্ত এই নজীর গড়লেন। অপরদিকে নব নির্বাচিত বিধায়ক বিশ্বজিৎ দত্ত বলেন, বিরোধী দলের বিভিন্ন প্রলোভন, টাকা-পয়সা সহ নানান জল্পনার হিসাব দিয়েছে খোয়াইয়ের জনসাধারন। সেই সাথে তিনি খোয়াইয়ের গনদেবতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে ভাষন রাখেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস। তিনি কেন্দ্রের বঞ্চনা এবং কেন্দ্রীয় সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের কথা তুলে ধরে, ভারতবাসীর বর্তমান দূরাবস্থার দিকগুলি নিয়ে আলোচনা করেন। বলেন, বিজেপি সরকার কোন প্রতিশ্রুতি পালন করতে পারেনি। বেকারদের কর্মসংস্থান সহ নানা কাজের সমালোচনা করেন এবং বর্তমানে নোট বাতিলের জন্য শ্রমিক-কৃষক-মেহনতী মানুষের বিপত্তির কথাও তুলে ধরেন। সেই সাথে নব নির্বাচিত বিধায়ক বিশ্বজিৎ দত্ত’র উদ্দেশ্যে বলেন, জনগন এবং জনগনের সাথে আলাপ-আলোচনা করেই এগিয়ে যেতে হবে। দুটি উপনির্বাচনের ফলে মন্ত্রিসভায় বামফ্রন্টের সদস্য ৫০ থেকে বেড়ে ৫১ হয়েছে।
এদিকে জনসভার মাঝেই খোয়াইয়ের প্রাক্তন কর্মচারী নেতা তথা অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ চক্রবর্তী সিপিআই(এম) রাজ্য কমিটির তহবিলে ৫০ হাজার টাকা এবং খোয়াই মহকুমা কমিটির তহবিলে ১০ হাজার টাকার চেক তুলে দেন। দলের পক্ষে গৌতম দাস এবং পদ্মকুমার দেববর্মা এই চেক গ্রহন করেন।

 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*