আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট ৷৷ ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একশ ছবির প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হয় আগরতলাস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। তিনদিন ব্যাপী এই ছবির প্রদর্শনীর উদ্যোক্তা বাংলাদেশের এ টি এন নিউজ চ্যানেল। সহযোগীতায় রয়েছে বাংলাদেশের আর্কাইভ ১৯৭১ এবং রাজ্যের শিল্প সাংস্কৃতিক সংগঠন উড়ান। অনুষ্ঠানের শুরুতে মূখ্যমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক একশ ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ও মান্নান, এ টি এন নিউজ চ্যানেল এবং এ টি এন বাংলার চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমান, এ টি এন নিউজ চ্যানেলের চিফ একজিকিউটিভ মুন্নি সাহা, আর্কাইভ ১৯৭১ এর পরিচালক প্রনব সাহা। স্বাগত ভাষণ রাখেন উড়ানের সম্পাদক বিপুল ভৌমিক।