আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ ডিসেম্বর ৷৷ চার ব্যাঙ্ক কর্মী অপহরণকান্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি মুক্তিপণের অর্থও উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, অপহরণকারীরা আত্মসমর্পণকারী রাজ্যের এ টি টি এফ জঙ্গি সংগঠনের সদস্য। এস ডি পি ও ধ্রুব নাথ জানান, শনিবার অভিযান চালিয়ে মুক্তিপণের অর্থ সহ এই ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জানান, মোহনপুর মহকুমার অন্তর্গত সিধাই থানার পুলিশ বেলমুড়া এলাকার রাকেশ দেববর্মার বাড়ি থেকে মুক্তিপণের ৫০ লক্ষ টাকার মধ্যে ৪৮ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক (এস ডি পি ও) ধ্রুব নাথ, লেফুঙ্গা থানার ও সি শ্যামা প্রসাদ দাস, সিধাই থানার ও সি হিমাদ্রী সরকার সহ বিশাল পুলিশ এবং টি এস আর বাহিনী।
