আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ নিশ্চিত চাকুরির দাবী নিয়ে এবার ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছে চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকরা। শনিবার আগরতলা অভয়নগরস্থিত হিন্দি স্কুল মাঠে আয়োজিত এক বৈঠকে মিলিত হয় চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের একাংশ। বইঠক শেষে শিক্ষকদের পক্ষে অরবিন্দু শর্মা জানান, আগামী ২ জানুয়ারি তাদের একটি প্রতিনিধি দল দিল্লী গিয়ে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের মন্ত্রীর কাছে তাদের চাকুরি রক্ষার আবেদন জানাবেন। পাশাপাশি ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করবেন।উল্লেখ্য, সুপ্রীম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর, ২০১৭ থেকেই ১০,৩২৩ জন শিক্ষক চাকুরি হারাচ্ছেন। তবে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রীম কোর্ট ১০,৩২৩ শিক্ষকদের আগামি ৩০ জুন, ২০১৮ পর্যন্ত ৬ মাসের জন্য এডহক ভিত্তিতে নিয়োগের অনুমতি দিয়েছে।
