আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ সুপ্রীম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর, ২০১৭ থেকেই চাকুরি হারাচ্ছেন ১০,৩২৩ জন শিক্ষক। তবে ৩১ ডিসেম্বর চাকুরির শেষ দিন হলেও ওয়ার্কিং ডে হিসেবে ৩০ ডিসেম্বরই ১০,৩২৩ জন শিক্ষকদের শেষদিন ছিল। কেননা ৩১ ডিসেম্বর, ২০১৭ হচ্ছে রবিবার, মানে ছুটির দিন। সেই অর্থে ৩০ ডিসেম্বর অর্থাৎ শনিবারই ছিল চাকুরিচ্যুত শিক্ষকদের লাস্ট ওয়ার্কিং ডে। তবে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে সুপ্রীম কোর্ট ১০,৩২৩ শিক্ষকদের আগামি ৩০ জুন, ২০১৮ পর্যন্ত ৬ মাসের জন্য এডহক ভিত্তিতে নিয়োগের অনুমতি দিয়েছে।সম্প্রতি সুপ্রীম কোর্টের রায়ে চাকুরিচ্যুত শিক্ষকদের টারমিনেশন লেটার (ছাঁটাই নোটিশ) এবং এডহক ভিত্তিতে নিয়োগপত্র ইস্যু করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। অতিসম্প্রতি প্রথম পর্বে প্রথমে ৮,৬৬২ জন শিক্ষকের নামে এবং দ্বিতীয় পর্বে বাকি শিক্ষকদের নোটিশ ইস্যু করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। উল্লেখ্য, চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকদের মধ্যে উপযুক্ত যোগ্যাতাসম্পন্ন প্রায় ৮০০ জন টেট এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে পুনরায় চাকুরি পেয়ে গেছেন। বাকি প্রায় সাড়ে নয় হাজার শিক্ষকদের নামে ছাঁটাই নোটিশ এবং এডহক ভিত্তিতে নিয়োগপত্র ইস্যু করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর।
