আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী ৷৷ মঙ্গলবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হলো ‘ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা-২০১৮’। প্রতি বছরের মতো এবারও আগরতলার হাঁপানিয়া এলাকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জন, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু, শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব ভি জি জেনার, স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের ডিরেক্টর প্রভু সহ অন্যান্য কর্মকর্তারা।২০ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এই মেলাটি চলবে ২ মার্চ পর্যন্ত। এবারের মেলায় ১১৫টি স্টল স্থান পেয়েছে। এর মধ্যে বাংলাদেশের ২১টি, ভারতের বিভিন্ন রাজ্যের ২৯টি, ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের স্টল, ত্রিপুরা সরকারের অধিগৃহীত সংস্থার বিভিন্ন স্টল এবং ভারত সরকারের বিভিন্ন দপ্তরের প্রদর্শনী ও সামগ্রী বিক্রির স্টল রয়েছে।
