আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল ৷৷ ৩৬তম আগরতলায় বইমেলার সূচনা হয় ২রা এপ্রিল (সোমবার) থেকে। এদিন সন্ধ্যায় রাজধানীর শিশু উদ্যানে ৩৬তম আগরতলায় বইমেলার উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, কলকাতা থেকে আগত বিশিষ্ট লেখিকা তিলোত্তমা মজুমদার প্রমুখ। এবছর বইমেলায় মোট ১২৪টি স্টল রয়েছে। এরমধ্যে ত্রিপুরা রাজ্যের ৭৬টি, কলকাতার ৩৯টি, নয়া দিল্লীর ২টি, গৌহাটির ৫টি, মুম্বাই-র ১টি এবং বাংলাদেশের ১টি স্টল রয়েছে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বইমেলার সূচনা করেন উপস্থিত অতিথিরা। প্রতিদিন চলবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।