আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল ৷৷ শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। মঙ্গলবার থেকে রাজধানীর মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উচ্চমাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা ফাজিল থিওলজির খাতা দেখা শুরু হয়। পাশাপাশি এদিনই রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতন, শিশুবিহার, উমাকান্ত একাডেমী, বাণীবিদ্যাপীঠ এবং বোধজং বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা আলীম পরীক্ষার খাতা দেখা শুরু হয়।উল্লেখ্য, এবছর মাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা আলীম পরীক্ষায় প্রায় ২,৫০০ পরীক্ষকের নিয়োগপত্র দেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী। মাদ্রাসা আলীম পরীক্ষা দিয়েছে প্রায় ৪২ জন পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক ও সমতুল্য মাদ্রাসা ফাজিল থিওলজি পরিক্ষায় প্রায় বারশো পরীক্ষককে নিয়োগপত্র দেওয়া হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী। মাদ্রাসা ফাজিল থিওলজিতে পরীক্ষা দিয়েছে প্রায় ২০ জন পরীক্ষার্থী।
