ধ্বসে হেজামারা ব্লকে ৪ জনের মৃত্যু, মৃত পরিবারে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষনা মুখ্যমন্ত্রী’র

cmগোপাল সিং, খোয়াই, ১৮ মে ৷৷ রাজ্যে গত ২৪ ঘন্টায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষনে জলমগ্ন হয়ে পড়েছে ছোট-বড় জলাশয় থেকে নদীগুলি। আর এই টানা বর্ষনেই মাটির দেয়াল ধ্বসে খোয়াই জেলার হেজামারা ব্লকের অধীন সুবলসিং এলাকার বৈরাগী টিলা এবং বেলফাঙে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ জনের। এর মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া। এছাড়া এই পরিবারের অপর সদস্যের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। ঘটনার বিবরনে জানা যায়, লাগাতার বৃষ্টির কারণে শুক্রবার ভোরে খোয়াই জেলার হেজামার ব্লকের সুবলসিং এলাকার বেলাফাঙে মলেন্দ্র দেববর্মা’র ঘরের মাটির দেয়াল ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মলেন্দ্র দেববর্মা (৫৫)-এর মর্মান্তিক মৃত্যু হয়। অপরদিকে রোমহর্ষক ঘটনাটি ঘটে বৈরাগীটিলায়। যেখানে ধ্বস পড়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অমৃত বালা দেববর্মা (৩০), শনিরাম দেববর্মা (৩২) ও অভিরাম দেববর্মার (৫) মৃত্যু হয়। সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই পরিবারের বড় ছেলে দীপঙ্কর দেববর্মা (৮) আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, উপজাতি কল্যানমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও বিধায়ক বিশ্ববন্ধু দেববর্মা সংশ্লিষ্ট এলাকায় ছুটে যান। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি এই পরিবারের অন্য সদস্যদের আর্থিক সহায়তা করা হবে বলে জানান। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষনা করেছেন মৃত পরিবারের আত্মীয়কে ৫ লক্ষ টাকা করে এবং বল্যায় যাদের ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে তা পূননির্মাণের জন্য ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। ডিজাষ্টার রিলিফ ফান্ড থেকে ৪ লক্ষ এবং মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এদিকে শুক্রবার বৃষ্টির কারণে খোয়াই আগরতলা সড়কে ব্যাপক মাটি ধসে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে পূর্ত দফতর।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*