আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে ৷৷ চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরীর মেয়াদ আগামী ৩০ জুন শেষ হতে যাচ্ছে। সেই জন্য এই চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরীর মেয়াদ ২০২০ সালের ৩০শে জুন পর্যন্ত বৃদ্ধি করার জন্য সুপ্রীমকোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভায় ১০,৩২৩ জন শিক্ষক শিক্ষিকার চাকরীর মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রীমকোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়ছে। এদিন মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইন তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন, বর্তমানে ১২,২২২ শিক্ষকের শূন্য পদ খালি রয়েছে। বর্তমানে বিদ্যালয় রয়েছে ৪৯২৮টি। ছাত্রছাত্রী রয়েছে ৭ লক্ষ ২৯ হাজার ৮৭৭ জন। বর্তমানে শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৪০ হাজার ৬৫৮ জন।এদিন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়াবার জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ধর্ষণের শিকার থেকে অ্যাসিড এটাক, প্রতিবন্ধী থেকে অগ্নিদগ্ধা এই সমস্ত নারীদের আর্থিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে টাকার অঙ্ক বৃদ্ধি করল রাজ্য সরকার।
