আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুন ৷৷ নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার মহাকরণের দুই নম্বর কনফারেন্স হলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জনগণের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রত্যেক জনগনের সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জনতার দরবারে উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নির্দেশ দেন এবং জনতাদের আশ্বস্ত করেন। নিজেদের সমস্যা জানাতে মহাকরণে প্রচুর সাধারণ মানুষ ভীড় জমায়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রতিটি মানুষের সমস্যার কথা শোনেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন মহাকরণে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন এবং বিভিন্ন দপ্তরের সচিবগণ।উল্লেখ্য, সপ্তাহে বুধ ও শনিবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মূখ্যমন্ত্রীর বর্তমান বাসভবনে এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাকরণে জনতার দরবারে জনগণের সমস্যার কথা শুনেন মুখ্যমন্ত্রী।
