আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুন ৷৷ প্রথমবারের মতো রাজ্যের বিখ্যাত ক্যুইন প্রজাতির আনারস গেল দুবাই। ত্রিপুরায় উৎপাদিত বিশ্ববিখ্যাত কুইন প্রজাতির আনারস দুবাই রফতানি শুরু হয় রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন দুপুরে এক টন আনারস দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সাথে গেছে রাজ্যের পদস্থ আধিকারিকরা। এদিন আনারসবাহী কন্টেইনার ভ্যান আগরতলা বিমান বন্দরে যায়। একটি এসি কন্টেইনার ভ্যানে করে ১৬১ প্যাকেট আনারস আগরতলা বিমান বন্দরে নিয়ে যাওয়া হয়। প্রতি প্যাকেটে এক কেজি ওজনের ছয়টি করে আনারস রয়েছে। বিমান বন্দর থেকে একটি বেসরকারি সংস্থার বিমানে দুবাই পাঠানো হয়। জানান, সোমবার দুবাই পৌঁছবে রাজ্যের আনারস। এদিন রাজধানীর নাগিছড়াস্থিত রাজ্য সরকারের কৃষি দপ্তরের উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কৃষি দপ্তরের মন্ত্রী প্রণজীৎ সিংহ রায় সহ কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবুজ পতাকা নেড়ে আনারসবাহী কন্টেইনার ভ্যানের যাত্রা শুরুর শুভ সংকেত দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এখন বিদেশে আনারস রপ্তানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য কৃষিপণ্য রপ্তানি করা হবে। তিনি আরও বলেন, রাজ্যের চাষিরা যেন আরও বেশি করে আনারস চাষে উদ্যোগী হয় সে ব্যাপারে রাজ্য সরকার তাদের সহযোগিতা করবে।