শ্রীনগর, ৬ ডিসেম্বর ।। গতকাল জম্মু ও কাশ্মীরে নির্বিচার সন্ত্রাস চালানো জঙ্গিরা দীর্ঘক্ষণ নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চালানোর প্রস্তুতি নিয়েই এসেছিল।সেনাবাহিনীকে লাগাতার হামলায় ব্যতিব্যস্ত করে রাখার লক্ষ্য ছিল তাদের। সংঘর্ষস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র, জঙ্গিদের ব্যাগপত্র থেকে পাওয়া খাবারের প্যাকেট থেকে তেমনই ধারণা হয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষের। তারা এও জানিয়েছে, গতকালের উরির সেনা ছাউনিতে দুঃসাহসিক সন্ত্রাসবাদী হামলায় শামিল জঙ্গিদের কাছ থেকে মেলা ওই খাবারের প্যাকেটের গায়ে পাকিস্তানি সংস্থার সিলমোহরের দাগ রয়েছে।সেনাবাহিনীর জনৈক শীর্ষ অফিসার বলেছেন, সংঘর্ষস্থলে যে খাবারের প্যাকেটগুলি পড়ে থাকা অবস্থায় পাওয়া গিয়েছে, তা পাকিস্তানি সেনারাই সাধারণত খেয়ে থাকেন।এই সন্ত্রাসবাদী অভিযানের পিছনে এটাকে পাকিস্তানের মদতের জোরালো প্রমাণ বলেই মনে করা হচ্ছে।
গতকাল জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলেছে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে।৮ সেনা জওয়ান সমেত ১১ জন নিরাপত্তাকর্মী প্রাণ হারিয়েছেন।হামলাকারী ৬ জঙ্গিও নিহত হয়েছে।সংঘর্ষস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে আছে ৫৫টি ম্যাগাজিনসমেত ৬টি একে রাইফেল, দুটি শটগান, রাতের অন্ধকারেও দিনের মতো স্পষ্ট দেখার ক্ষমতাসম্পন্ন বাইনোকুলার, চারটি রেডিও সেট, ৩২টি অব্যবহৃত গ্রেনেড ও একটি চিকিত্সার সরঞ্জামের কিট।

