আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷৷ মস্কোতে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় সেরার সেরা হলেন ধলাই জেলার আমবাসা এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্র অনুরাগ দাস বর্মণ। ২২ জুলাই রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল মেন্টাল ম্যাথমেটিক্স প্রতিযোগিতা। সেখানেই মাত্র ৫ মিনিটে ৭০টি অংক কষে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয় সে। প্রতিযোগিতায় জয়ী হয়ে বৃহস্পতিবার রাজ্যে ফিরেন অনুরাগ। বিমানবন্দর থেকে তাকে ডেকে নিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। উল্লেখ্য, অনুরাগ ছাড়াও ত্রিপুরা থেকে আরও পাঁচজন বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তারা সবাই রানার্স আপ হয়েছে। এরা হলো ধলাই জেলার সালেমা এলাকার সম্ভু রাজ দেব, ঊন্নিষা দেব, আগরতলার দ্বিজা দাস, হৃরদিক মীনা ও প্রাঞ্জল মীনা।অনুরাগ জানায়, এই প্রতিযোগিতায় খাতা কলম ছাড়া মুখে মুখে অংক কষতে হয়। অনুরাগের মা স্বপ্না দাস বর্মণ পেশায় একজন শিক্ষিকা এবং তার বাবা রাজ্যের শিক্ষা দফতরের কারিগরি বিভাগের কর্মচারী।
