জাতীয় ডেস্ক, নয়া দিল্লী, ০৮ আগস্ট ৷৷ ভারত রত্ন পেলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর হাতে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন তাঁর সঙ্গে ভারত রত্ন পেলেন সমাজসেবী নানাজি দেশমুখ এবং মরণোত্তর ভারত রত্ন দেওয়া হল অহমিয়া গায়ক-সুরকার ভূপেন হাজারিকাকেও। জানা যায়, চলতিবছর ২৫শে জানুয়ারি প্রণব মুখোপাধ্যায় ও নানাজি দেশমুখকে ভারত রত্ন এবং ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এদিন নিজের উত্তরসূরীর হাত থেকে ভারত রত্ন গ্রহণ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।জানা যায়, চেয়ার ছেড়ে উঠে প্রণব দা-কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
