আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুলাই ৷। বর্তমান বিশ্বে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব কারো অজানা নয়। ক্রীড়া সাংবাদিক এবং লেখকরা হলেন ক্রীড়াঙ্গনের চোখ, মানুষের শব্দ এবং কণ্ঠস্বর। ক্রীড়া সাংবাদিকতা আর ক্রীড়াঙ্গন অঙ্গাঙ্গিভাবে জড়িত। ২রা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ১৯২৪ সালের ২রা জুলাই ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সূচনা হয়েছিল ফ্রান্সে। সেই হিসেবে ২রা জুলাই বিশ্বের ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়।গোটা বিশ্বের সাথে ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবারই দিবসটি উদযাপন করা হয়। এবছর করোনা পরিস্থিতিতে রাজ্যের ক্রীড়াবিদদের বাড়ী পৌঁছে সংবর্ধনা প্রদান করেছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। বৃহস্পতিবার বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেবকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি এদিন রাজ্যের বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্বদের সংবর্ধনা প্রদান করা হয়।
