আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল রাজ্যবাসী। অবশেষে কলকাতার হলদিয়া বন্দর থেকে জাহাজে করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে সড়কপথে রাজ্যে এলো পণ্যবাহী চারটি ট্রাক। রাজধানীর আখাউড়া স্থলবন্দরে ত্রিপুরা রাজ্য সহ আসামের জন্য রড ও ডাল বোঝাই ৪টি কনটেইনার পণ্যবাহী চারটি ট্রাক এসে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আখাউড়া স্থলবন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে সবুজ পতাকা নেড়ে এই পণ্যবাহী ট্রাকগুলোর যাত্রা শুরুর সবুজ সংকেত দিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বলেন, ইন্দো-বাংলা কোস্টাল চুক্তি অনুযায়ী কোলকাতা থেকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে প্রথম ট্রানজিট কার্গো প্রবেশ করল ত্রিপুরায়। যা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশে নতুন দিক উন্মোচিত করল। তিনি বলেন, এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হয়ে আমি আনন্দ উপভোগ করছি এবং বর্তমান কঠিন পরিস্থিতিতেও এই উল্লেখযোগ্য পদক্ষেপের জন্য ভারত-বাংলাদেশ উভয় দেশের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।উল্লেখ্য, প্রতিটি কন্টেইনারে ২৫ টন করে মোট ১০০ টন পণ্য রয়েছে।
