তারায়-তারায় ডেস্ক ।। সালমান খান তার বোনের বিয়ের পরেই ঘোষণা দিয়েছেন বিয়ে করার। সে জন্য অনেকেই হয়তো মুখিয়ে আছেন কে হচ্ছে সালমানের সেই মনের মানুষ। কাকে ঘরে ঘরে তুলছেন তিনি। এ নিয়ে তার ভক্তদের মাঝে যখন উৎসাহের কমতি নেই। ঠিক তখনই তার বাসার সামনেই ঘটে গেল একটি অপ্রত্যাশিত ঘটনা।
শ্রীলঙ্কায় নির্বাচনী প্রচারে গিয়ে প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষের হয়ে সমর্থন চান সালমান খান। আর এর প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভ করা হয়। রোববার বলিউড অভিনেতা সালমান খানের বাসভবনের সামনে গিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন একটি তামিল প্রতিনিধিদল। তারা সালমানকে বাড়ি থেকে নিচে নেমে আসার জন্যও ডাকাডাকি করে।
মহিন্দার ছেলে নমলের আমন্ত্রণে শ্রীলঙ্কায় গিয়ে মহিন্দার হয়ে প্রচারে সামিল হন এই অভিনেতা। সঙ্গে ছিলেন তার অভিনীত ‘কিক’ ছবির নায়িকা তথা শ্রীলঙ্কার অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এর প্রতিবাদ স্বরূপ এদিন মুম্বাইয়ে ‘সল্লু’-র বাসভবনের সামনে গিয়ে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ওই তামিল সমর্থকরা।
তাদের মুখে স্লোগান ছিল, ‘সালমান খান ডাউন ডাউন’। প্রায় মিনিট দশেক ওই বিক্ষোভ প্রদর্শন চলে, তারপরই পুলিশ এসে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। এর পরে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এক বিক্ষোভকারী জানান, গত ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধে সেদেশে বসবাসকারী বহু তামিলকে হত্যা করেছে শ্রীলঙ্কার সেনা। আর সেই দেশের রাষ্ট্রপতির হয়ে তিনি প্রচার করে তামিলদের অপমান করেছেন।
