আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর ৷। গ্রামীণ অর্থনীতির বিকাশ ও গ্রামীণ জনগণের রোজগার সুনিশ্চিত করার বিষয়ে রাজ্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। যে জব কার্ডগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে তা যাতে পুনরায় কার্যকর করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। জব কার্ডের বিষয়ে মানুষ যাতে বিশদে জানতে পারেন তার জন্য গ্রামের স্থানীয় প্রশাসনকে প্রচারের কাজে অগ্রগণ্য ভূমিকা নিতে হবে। বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট এমপ্লয়মেন্ট গ্যারান্টি কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এদিন তিনি বলেন, রেগার কাজে যাতে ত্রিপুরা এক নম্বর জায়গায় পৌঁছতে পারে সে ব্যাপারে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকার কাঁচা রাস্তা সংস্কারের কাজ করার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়। তিনি বলেন, এই প্রথমবার রেগার মাধ্যমে ড্রাগন ফল চাষের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মূখ্যমন্ত্রী বলেন, অব্যবহৃত পুকুরগুলিকে কী ভাবে পুনরায় মৎস্যচাষের জন্য ব্যবহার করা যায় তার রূপরেখা বের করার জন্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
