আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || “স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা” কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের উদ্যোগে এক সাফাই অভিযান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ধলেশ্বর এলাকায় ব্লু লোটাস ক্লাব সংলগ্ন স্থানে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন ঝাড়ু হাতে সাফাই অভিযানে হাত লাগান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সৌন্দর্য ও স্বচ্ছতাই একটি শহরের পরিচয় বহন করে। ঐতিহ্যমণ্ডিত আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ রাখার লক্ষ্যে ‘স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’ কর্মসূচী শুরু হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বচ্ছ ভারতের স্লোগান দিয়েছিলেন তা আমজনতার জীবন শৈলীতে ইতিবাচক পরিবর্তন এনেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সেই বার্তা কোভিডের সময়েও কার্যকরী ভূমিকা নিয়েছে। তিনি আরো বলেন, শহর বা এলাকা স্বচ্ছ রাখার মূল বিষয় হল জন জাগরণ। সেই কাজের লক্ষ্যেই ১০ সপ্তাহ ধরে নানাবিধ কর্মসূচী চলবে। তিনি বলেন, আমি জনগণের কাছে আবেদন জানাব, আপনারা সকলে এই কর্মসূচীতে সামিল হোন এবং আমাদের সকলের প্রিয় আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ গড়ে তুলুন।
