আন্তর্জাতিক ডেস্ক ।। খুন করলে খুনিকে আদালত শাস্তি দেন, তা আমরা জানি। কিন্তু খুন না করার জন্য কাউকে অপরাধী সাব্যস্ত করার ঘটনা খুবই আশ্চর্যের। আর আশ্চর্য এ ঘটনা ঘটেছে নরওয়েতে।
২১ বছর বয়সী এক তরুণ একটি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির শর্ত ছিল, ১৭ বছর বয়সী এক তরুণীকে খুন করলে তাকে প্রায় আট হাজার ডলার দেয়া হবে। এরমধ্যে তাকে নগদ দেয়া হয় পাঁচ হাজার তিনশো ডলারের কিছু বেশি। সময় পেরিয়ে যায়। তরুণীকে খুন করার কোনো আগ্রহ ওই তরুণের মধ্যে দেখা যায় না।
চুক্তিকারী তরুণের হাবভাব দেখে তার বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে দেন আদালতে। মামলার প্রেক্ষিতে তার ওপর আরোপিত দায়িত্ব পালন না করার জন্য আদালত তাকে জরিমানা করে। জরিমানার পরিমাণ ১,৩০০ ডলার।
জানা গেছে, তরুণীকে খুন করার জন্য ২১ বছর বয়সী অপর এক তরুণের কাছ থেকে টাকা নিয়েছিলেন ওই তরুণ। এদিকে চুক্তিভিত্তিক খুনের জন্য টাকা দেয়ার অভিযোগে ২ বছর জেল দেয়া হয়েছে মূল পরিকল্পনাকারীকে।
২১ বছর বয়সী ওই তরুণ স্বীকারোক্তিতে বলেছেন, ১৭ বছর বয়সী এক কিশোরী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি তাকে হত্যা করতে চেয়েছিলেন। স্বীকারোক্তি দেয়ায় তার শাস্তি অনেকটা লাঘব করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
ওই কিশোরীকে খুন করার জন্য দেয়ার কথা বললেও, জরিমানা দেয়া অপর তরুণের দাবি ৫,৩০০ ডলারের বেশি টাকা তাকে দেয়া হয়নি। সূত্র : রয়টার্স
