জাতীয় ডেস্ক, ২৭ জানুয়ারী ।। ভারত সফর শেষ করে আজ দুপুরে সস্ত্রীক বারাক ওবামা তাদের বহনকারী যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স ওয়ান বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করেছেন।
ওবামা তার বিদায়ী ভাষণে ভারত-যুক্তরাষ্ট্রের সেরা অংশীদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিমানবন্দর ছাড়ার পরপরই এক টুইটার বার্তায় তাকে উষ্ণ অভ্যর্থণা জানানোর জন্য প্রধানমন্ত্রী মোদি এবং ভারতে জনগণের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জবাবে ভারতের প্রধানমন্ত্রী মোদি টুইটারে লিখেছেন, বিদায়। আপনার এ সফরের মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। আপনার যাত্রা শুভ হোক।
ওই টুইটারে সোমবার বৃষ্টির মধ্যে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানের বিখ্যাত উক্তি ধার করে বলেন, বড়ে বড়ে দেশো মে। মাত্র কয়েক ঘণ্টা আগে একই উক্তি করেছিলেন প্রেসিডেন্ট ওবামাও।
মঙ্গলবার সকালে নয়াদিল্লির সিরি ফোর্ট অডিটরিয়ামে দেড় হাজার দর্শকের উপস্থিতিতে ওবামা হিন্দিতে বলেছিলেন, সিনোরিতা, বড়ে বড়ে দেশো মে, আপনারা জানেন আমি কি বলতে চেয়েছি। তার মুখে এ কথা শুনে গোটা অডিটরিয়াম হাততালিতে ফেটে পড়ে।
উল্লেখ্য, ব্লকবাস্টার মুভি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিতে নায়িকা সিমরান রূপি কাজলকে উদ্দেশ্য করে শাহরুখ খান বলেছিলেন, সেনোরিতা, বড়ে বড়ে দেশো মে ছোটি ছোটি বাত হোতি রেহতি হে।
