আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল || ১২ দিন ধরে চলা আগরতলা বই মেলার সমাপ্তি হলো মঙ্গলবার। এদিন বিকেলে রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে “৪০’তম আগরতলা বইমেলা” এর সম্মাননা জ্ঞাপন ও সমাপ্তি অনুষ্ঠান ঘটে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব (সরকার), আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা, দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সার্বিক বিকাশে আরও গতি সঞ্চারণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে রাজ্য বাজেটকে দ্বিগুনের কাছাকাছি নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। শিল্প-সাহিত্য চর্চা সহ অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডের প্রাথমিক শর্ত হচ্ছে দেশের শান্তি এবং সুস্থিতি সুনিশ্চিতকরণ, অখণ্ডতা ও সর্বোপরি সার্বিক সমৃদ্ধি। তিনি বলেন, মোদীজির দক্ষ নেতৃত্বে মাথা উঁচু করে দুর্বার গতিতে ভারত অগ্রসরমান। মুখ্যমন্ত্রী বলেন, অনলাইন মাধ্যমের ব্যবহারিকতার মাঝেও বইয়ের গুরুত্ব অপরিসীম। সৌহার্দ্যতা ও ভারতীয় সংস্কৃতির একাত্মতা সবাইকে এক সূত্রে বেঁধে রাখে। এই উৎসবের প্রতি ক্রমবর্ধমান চাহিদার ফলে পুস্তক বিক্রীর বৃদ্ধি রাজ্যের আর্থিক অগ্রগতির প্রমাণ।
এদিন বিভিন্নখাতে সন্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ১২ দিনব্যাপী ৪০’তম আগরতলা বইমেলায় ১ কোটি ২৭ লক্ষ ৩৮ হাজার ২৩০ টাকার বই বিক্রি হয়েছে। জানা যায়, বই মেলার সমাপ্তি দিনে ১৩ লক্ষ ৫৯ হাজার ৬২১ টাকার বই বিক্রি হয়েছে।
