প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ ব্রজগোপাল রায়, মুখ্যমন্ত্রী ও বামফ্রন্টের শোক জ্ঞাপন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || প্রয়াত হলেন সারা ভারত ফরোয়ার্ড ব্লকের বরিষ্ঠ নেতা, প্রথম এবং তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রী, বিশিষ্ট লেখক ডঃ ব্রজগোপাল রায়। রবিবার সকালে নিজ বাসভবনে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, একমাত্র মেয়ে, অন্যান্য পরিজন ও অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন।
মৃত্যুর খবর শুনে তাঁর বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ, মিলন বৈদ্য, বিক্রমজিৎ সেনগুপ্ত, সিপিআই রাজ্য পরিষদের সদস্য জয়া বিশ্বাস, রাকেশ দাস এবং শুভদীপ মজুমদার।
উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যের বাম গণতান্ত্রিক এবং সংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ড: ব্রজগোপাল রায়। তিনি ফরোয়ার্ড ব্লকের রাজ্য মুখপত্র ‘ত্রিপুরা বানী’র সম্পাদক ছিলেন। তিনি সারা ভারত ফরোয়ার্ড ব্লকের রাজ্য কমিটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। ১৯৭৮ সালে টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়ে তিনি প্রথম বামফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় যোগ্যতার সাথে কাজ করেন এবং পরবর্তী কালে ১৯৯৩ সালে একই নির্বাচনি কেন্দ্র থেকে পুনরায় নির্বাচিত হয়ে তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রীসভায় কাজ করেন। প্রয়াত ব্রজগোপাল রায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্যের উন্নয়নে এক বলিষ্ঠ ভূমিকা রেখে গেছেন। উনার প্রয়াণে রাজ্যবাসী হারালেন একজন জনদরদী রাজনৈতিক নেতৃত্বকে। সি পি আই ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী উনার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত স্ত্রী, একমাত্র কন্যা, পরিজন ও অসংখ্য গুণমুগ্ধদের প্রতি আন্তরিক সমবেদনা জানায়। সিপিআই ত্রিপুরা রাজ্য সম্পাদকমন্ডলী তাঁর স্মৃতির প্রতি অন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
এদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ ব্রজগোপাল রায়ের প্রয়াণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গভীর শোকা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী বলেন, তিনি ছিলেন একজন সৎ – সজ্জ্বন রাজনীতিবিদ। রাজনীতির অঙ্গন ছাড়াও সাহিত্য সংস্কৃতি জগতের তিনি একজন কৃতি ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী বলেন, ডঃ রায়ের প্রয়াণে সাহিত্য সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি হলো। প্রয়াত ডঃ ব্রজগোপাল রায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*