আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর || ১২’তম বিশ্ব ফার্মাসিস্টস দিবস উপলক্ষে রবিবার আগরতলার রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি (রিপস্যাট) আয়োজিত হয় এক অনুষ্ঠান। এদিন বিশ্ব ফার্মাসিস্টস দিবসের অংশ হিসেবে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। এদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ছাড়াও বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতে আসে। যা খুবই প্রশংসনীয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিকল্পে রাজ্য সরকার পাশে থাকবে। তিনি বলেন, রিপস্যাটের জন্য প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং অন্যান্য শূন্যপদগুলি পূরণে সহসাই ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের আরো শ্রীবৃদ্ধি হোক – এই কামনা করি বলে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী।
