উত্তর জেলার বিভিন্ন নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর || সরকারি বিভিন্ন কাজে উত্তর জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মঙ্গলবার সকালে ট্রেনে করে ধর্মনগর গেলেন তিনি। এদিন উত্তর জেলার বিভিন্ন নবনির্মিত ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
নবরাত্রির দ্বিতীয় দিনের পূণ্য লগ্নে এদিন উত্তর জেলার চুরাইবাড়িস্থিত বিশেশ্বরী মন্দিরে মায়ের পূজো দেন। রাজ্যবাসীর সুখ শান্তি ও মঙ্গল কামনায় দেবী মায়ের নিকট প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
এদিন উত্তর জেলার বাগবাসায় ২০০ মেট্রিক টন ট্রানজিট গোডাউনের দ্বারোদঘাটন করে করেন মুখ্যমন্ত্রী। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে নবনির্মিত এই গোডাউন এখন থেকে কৃষকদের কল্যাণে নিয়োজিত থাকবে। ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই গোডাউন নির্মাণ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
এরপর উত্তর জেলার ফুলবাড়ি দ্বাদশ স্কুলের পাশে সংখ্যালঘু অংশের ছাত্রীদের জন্য নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট রিলিজিয়াস মাইনরিটি গার্লস হোস্টেলের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। দ্বারোদঘাটনের পর হোস্টেলের বিভিন্ন রুম ঘুরে দেখেন তিনি। কথা বলেন ছাত্রীদের সঙ্গেও। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, আমার বিশ্বাস এই হোস্টেলের মাধ্যমে পঠনপাঠনে খুবই উপকৃত হবে এলাকার ছাত্রীরা।
এরপর ধর্মনগর মহকুমার বাঘন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত বিল্ডিংয়ের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। দ্বারোদঘাটন পর্ব শেষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি ক্লাশ রুমে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নেন তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*