আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই || ত্রিপুরা সহ অন্যান্য রাজ্যগুলির ‘ইউনিক প্রোডাক্টস্’ প্রদর্শন ও বিক্রয়ের জন্য ১০০ কোটি টাকা ব্যয়ে একটি “ইউনিটি মল” নির্মাণের জন্য ২০২৩-২৪ এর বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। রাজধানীর হাঁপানীয়াস্থিত জুট মিলস মাঠে নির্মিত হবে ‘ইউনিটি মল’। সোমবার সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে নিয়ে হাঁপানীয়ায় জুট মিলস মাঠে প্রস্তাবিত “ইউনিটি মল” এর জায়গা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনায় গৃহীত এই প্রকল্পের মূল লক্ষ্য “ওয়ান ডিষ্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট” এর প্রচার। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশনায় এই মল তৈরি হলে ব্যবসায়ীক দিক দিয়ে রাজ্যের প্রভূত অগ্রগতি হবে। এই প্রকল্প বাস্তবায়নে যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।
