আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || সিপাহীজলা জেলার বক্সনগর ও ধনপুর এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। শাসক দল বিজেপি’র সঙ্গে বিরোধীদল বাম-কংগ্রেসের লড়াইকে ঘিরে চড়ছে প্রচারের পারদ। আগামী ৩রা সেপ্টেম্বর শেষ হচ্ছে প্রচার। জানা যায়, বক্সনগর বিধানসভা কেন্দ্রে ৪৩ হাজার ৮৭ জন ভোটার এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে ৫০ হাজার ১৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিন শুধু ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ সহ মোট ছয় রাজ্যে ৭টি কেন্দ্রে একই দিনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার ২০-বক্সনগর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয়। এদিন সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকা সত্বেও স্থানীয় জনগন ব্যাপক উৎসাহের সাথে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা বিধানসভার মূখ্যসচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন প্রমুখ।
