আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর || আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত হয় শনিবার। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকি ভবনে আয়োজিত এই শারদ সম্মাননা অনুষ্ঠানে মোট ২১টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। মোট ৫টি ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হয়। এই ৫টি সেরার সেরা ক্লাবকে ৫০,০০০ টাকা অর্থরাশি কবে নগদ পুরস্কার প্রদান করা হয়। ক্লাবগুলো হল, ঊষা বাজারের ভারত রত্ন সংঘ, রামঠাকুর সংঘ, শান্তিপাড়াস্থিত ঐকতান যুব সংস্থা, ধলেশ্বরস্থিত আজাদহিন্দ সংঘ, এ.ডি. নগরস্থিত মা ত্রিনয়নী সামাজিক সংস্থা। তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হয়।
এছাড়া এদিন আগরতলা পুর নিগমের ৪টি জোনের প্রত্যেকটিতে ৪টি ক্যাটাগরিতে মোট ১৬টি ক্লাবকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। এই ক্যাটাগরিগুলি হলঃ শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ প্যান্ডেল, শ্রেষ্ঠ আলোকসজ্জা ও শ্রেষ্ঠ থিম।
সেন্ট্রাল জোনে পুরস্কৃত করা হয়, শ্রেষ্ঠ প্রতিমার জন্য অরুন উদয় সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য রামঠাকুর সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ঐকতান যুব সংস্থাকে, শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে।
অনুরূপভাবে ইস্ট জোনে পুরস্কৃত করা হয়, শ্রেষ্ঠ প্রতিমার জন্য অগ্রদূত ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য শিবনগর মডার্ন ক্লাবকে ও আমরা তরুন সংঘ দল ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য ফ্লাওয়ার্স ক্লাবকে ও শ্রেষ্ঠ থিমের জন্য এম.বি.বি ক্লাবকে।
একইভাবে সাউথ জোনে পুরস্কৃত করা হয়, শ্রেষ্ঠ প্রতিমার জন্য কৌরব ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বি.পি.সি ওয়েস্ট ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কালিমাতা সংঘ ক্লাবকে ও শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে।
নর্থ জোনে পুরস্কৃত করা হয়, শ্রেষ্ঠ প্রতিমার জন্য ভারত রত্ন সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য বর্নালী সংঘ ক্লাবকে, শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে ও শ্রেষ্ঠ থিমের জন্য নিউস্টার ক্লাবকে।
পাশাপাশি এদিন অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ২ বছর পূর্তি উপলক্ষে এল ই ডি স্ক্রিনে উন্নয়নমূলক কাজকর্মের তথ্যচিত্র প্রদর্শিত হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ।
