আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে || ৩রা মে ভোর ৩টে ৪৫ মিনিটে লক্ষনৌর এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সারা ভারত কৃষক সভা (AIKS) সাধারণ সম্পাদক, সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য, দেশের কৃষক আন্দোলনের অন্যতম নেতা অতুলনীয় কুমার অঞ্জন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। কর্কট রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। মধ্যে সুস্থ হয়ে উঠলেও গত এক বছর ধরে আবারো গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর প্রয়ানে দেশের কৃষক শ্রমজীবী আন্দোলন তথা বাম গণতান্ত্রিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হয়।
অসুস্থ শরীর নিয়ে দেশের চলমান ঐতিহাসিক কৃষক আন্দোলনের অন্যতম নেতা হিসেবে নেতৃত্বে দিয়ে যাচ্ছিলেন তিনি।
স্বামীনাথন কমিশনের অন্যতম সদস্য হিসেবে কৃষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অতুল কুমার অঞ্জন। তাঁর প্রস্তাবেই কৃষকদের স্বার্থে নূন্যতম সহায়ক মূল্যর (MSP) উপর C2 + 50% ফর্মুলার সুপারিশ করে স্বামীনাথন কমিশন।
শুক্রবার তাঁর স্মৃতির প্রতি গভীর শোক এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে সারা ভারত কৃষক সভা (AIKS) ত্রিপুরা রাজ্য পরিষদ।
