সুব্রত দাস, গন্ডাছড়া, ২১ জুন || ২১শে জুন ২০২৪ইং শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস। প্রায় গোটা বিশ্বে এই আন্তর্জাতিক যোগা দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এই দিনটিকে কেন্দ্র করে সরকারী বেসরকারী স্কুল কলেজ সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে যোগা আসনের আয়োজন করা হয়। এই আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসাবে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন স্থানে যোগাসনের আয়োজন করা হয়। গন্ডাছড়া মহকুমার অন্তর্গত সরকারী ডিগ্রি কলেজ, কবিগুরু স্মৃতি বিদ্যা ভবন, আনন্দমোহন রোয়াজা স্মৃতি বিদ্যালয় সহ মহকুমার বিভিন্ন স্থানে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। মহকুমা আইন পরিষেবা কমিটি, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ও শিক্ষকদের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ৭টায় গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় যোগাসনের প্রশিক্ষন প্রক্রিয়া। ওই যোগাসনে সাধারণ মানুষজন, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, এনএসএস ভলান্টিয়ার সহ আইন পরিষেবা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন গন্ডাছড়া মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টি এল ডারলং, মহকুমা শাসকের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিএম অনিন্দ্য চক্রবর্তী, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা এবং এনএসএস’র প্রোগ্রাম অফিসার ভাস্কর ঘোষ।
প্রায় এক ঘন্টার ওই শরীর চর্চার অনুষ্ঠানকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। যোগাসন শেষে ডিসিএম অনিন্দ্য চক্রবর্তী এবং বিচারক টিএল ডারলং সকলের উদ্দেশ্যে বলেন, গোটা দিনের মধ্যে যদি ৩০ মিনিট সময় বের করে শরীর চর্চা করা যায় তাহলে শরীর দেহ মন মস্তিস্ক সুস্থ থাকবে। প্রতিদিন সকালে সকলকে যোগা করার জন্য আহ্বান জানান বক্তারা। উক্ত যোগা অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অনামিতা চাকমা, রাম ত্রিপুরা এবং প্রশান্ত চাকমা।
