সুব্রত দাস, গন্ডাছড়া, ১০ জুলাই || ত্রিপুরা শাসক দল জোটের শরিক আই পি এফ টি’র শক্তি বাড়ল গন্ডাছড়ায়। গন্ডাছড়া মহকুমা সিপিআই(এম)’র অন্যতম পুরনো দুই নেতা যোগ দিল আই পি এফ টি দলে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুধবার বিকেল তিনটা নাগাদ গন্ডাছড়া মহকুমা আই পি এফ টি ডিভিশনাল কমিটির দলীয় পার্টি অফিসে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভাতে সি পি আই (এম)’র একনিষ্ঠ কর্মী তথা প্রাক্তন চেয়ারম্যান হীরালাল ত্রিপুরা এবং অভিকু চাকমার নেতৃত্বে ৭ জন ভোটার সি পি আই (এম) ছেড়ে আই পি এফ টি’তে যোগ দেন। নবাগতদের দলে বরণ করে নেন আই পি এফ টি কেন্দ্রীয় কমিটির সদস্য তথা গণ্ডাছড়া মহকুমা আইপিএফটি ডিভিশনাল কমিটির সভাপতি প্রেমসাধন ত্রিপুরা সহ অন্যান্যরা। এই যোগদানে মহকুমায় দলের শক্তি অনেকটাই বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।
