আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ মে || রাজ্যের গোমতী জেলার গর্জিতে ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় ৩৩ কিলো ভোল্ট পাওয়ার সাবস্টেশন। বৃহস্পতিবার এই পাওয়ার সাবস্টেশনের দ্বিতল কন্ট্রোলরুম ভবনের শুভ উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই সাব স্টেশনটি এখানে নির্মাণ হওয়ার ফলে এই এলাকার বিদ্যুৎ ভোক্তা এবং তাদের পরিবার উপকৃত হবেন। গর্জিতে এই সাব স্টেশনটি কাজ শুরু করায় গর্জি, চন্দ্রপুর, পেরাতিয়া, তৈনানি, কলাবন, হোলাক্ষেত , দাতারাম, আদিপুর সংলগ্ন এলাকার মানুষেরা এখন নিরবচ্ছিন্ন ও গুণমান সম্পন্ন বিদ্যুৎ পরিষেবা পাবেন।ভারত সরকার এবং বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এই সাব স্টেশনটি নির্মাণের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে অভিবাদন জানায় বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
