গোপাল সিং, খোয়াই, ৬ এপ্রিল || খোয়াই থানাধীন উত্তর দুর্গানগর সিঙিছড়া এলাকায় এক হৃদয়বিদারক ও পরিবেশবিরোধী ঘটনার সাক্ষী থাকলো এলাকাবাসী। অভিযোগ উঠেছে, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ছড়ায় বিষ ঢেলে প্রায় ৬০ থেকে ৭০ কেজি মাছ মেরে ফেলেছে। এই ঘটনা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও শহরের বিভিন্ন ছড়ায় এভাবে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে অপরাধীরা বারবার এই দুঃসাহসিক কাজ করে চলেছে।
এলাকাবাসীর বক্তব্য, এভাবে চলতে থাকলে ছড়ার জলে আর মাছ বাঁচবে না, ছড়ার পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা গিছে, এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন যুবকের নাম উঠে এসেছে, যারা এলাকাতেই বসবাস করে। কোথা থেকে তারা বিষ সংগ্রহ করছে, সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন যে, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। তারা স্পষ্ট করে দিয়েছেন, এমন ঘটনা বরদাস্ত করা হবে না। খোয়াইয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলের দৃষ্টি আকর্ষণ করছেন সুশীল নাগরিকবৃন্দ।
