আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন || মৎস্য, প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে জেলা ভিত্তিক এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মিলিত হন। দায়িত্বগ্রহণের পর থেকে প্রতি বছর দু’বার জেলাভিত্তিক এই ধরণের বৈঠক করে থাকেন মন্ত্রী, যাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা, তা খতিয়ে দেখা যায়।
বৈঠকের শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আওতায় যে অর্থ বরাদ্দ ও প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবর্ষে নতুন করে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কেন্দ্র-রাজ্যের সম্মিলিত উদ্যোগে মৎস্যচাষি ও প্রাণী পালকদের জন্য গৃহীত প্রকল্পগুলির অগ্রগতি ও কোনো ত্রুটি রয়েছে কিনা, তাও বিশ্লেষণ করা হবে।
তিনি আরও জানান, তপশিলি জাতিভুক্ত মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলাশাসক রজত পান্থ, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় সহ তিন দপ্তরের আধিকারিক ও খোয়াই জেলার বিভিন্ন জনপ্রতিনিধি।
মন্ত্রী জানান, এই ধরণের নিয়মিত পর্যালোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।
