খোয়াই কোহিনূর কমপ্লেক্সে জুয়ার ঠেকে পুলিশের হানা, হাতেনাতে আটক মূল পান্ডা

গোপাল সিং, খোয়াই, ২৬ জুন || আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে খোয়াই পুলিশ প্রশাসনের হাত খালি। খোয়াইজুড়ে ব্যপকভাবে ড্রাগসের রমরমা ব্যবসা থাকলেও পুলিশ নিষ্ক্রিয়। একের পর এক দু:সাহসিক চুরির ঘটনারও কুলকিনারা করতে ব্যর্থ পুলিশ। এরই মধ্যে খোয়াই শহরে এক ভিন্ন ধরনের অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে হঠাৎই সাফল্য পেল পুলিশ। খোয়াই শহরের সুভাষপার্কস্থিত কোহিনূর কমপ্লেক্সের ভিতরে দীর্ঘদিন ধরে চলা একটি রমরমা জুয়ার আসরে হানা দিয়ে হাতেনাতে এক মূল পান্ডাকে আটক করা হয়েছে। সুভাষ পার্ক আউটপোস্টের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আজ এই অভিযান চালায়। অভিযোগ, এই কমপ্লেক্সের আড়ালে দীর্ঘদিন ধরেই ‘হ্যান্ডিং’ নামে এক বিশেষ ধরনের জুয়ার আসর চলছিল। এই জুয়ার নেশায় আসক্ত হয়ে পড়ছিল স্কুল পড়ুয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল।
পুলিশের এই অভিযানে জুয়ার আসর থেকে মূল পান্ডাকে আটক করা হয়। আটক ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই জুয়ার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের নাকের ডগা দিয়ে শহরের বুকে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ ফুলেফেঁপে উঠলেও, পুলিশ নামকাওয়াস্তে লোকদেখানো কিছু ধরপাকড় করেই থেমে যায় বলে অভিযোগ জনসাধারণের। যুব সমাজকে নেশা ও জুয়ার কবল থেকে মুক্ত করতে সচেতন নাগরিকের আওয়াজ পুলিশকে শীতঘুম থেকে জাগাতে পারবে তো! প্রশ্ন জনমনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*