দালালের মাধ্যমে ভারতে প্রবেশ, খোয়াইতে শিশুসহ একই পরিবারের ৫ বাংলাদেশী আটক

গোপাল সিং, খোয়াই, ৩০ জুন || খোয়াইতে আবারও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের ঘটনা ঘটল। আজ খোয়াই থানাধীন করইতলা এলাকা থেকে এক সাত বছরের শিশুসহ একই পরিবারের পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। দালাল চক্রের হাত ধরে ৩০ হাজার টাকার বিনিময়ে তাঁরা আসামে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে যে, তারা ভাইয়ের বিয়েতে অংশ নিতে আসামের শিলচরে যাচ্ছিল। তাদের এক ভাই নাকি গত ১২ বছর ধরে আসামে বসবাস করছে।
সংবাদমাধ্যমের সামনে ধৃতরা জানায়, ৩০ হাজার টাকার বিনিময়ে এক দালাল তাদের ত্রিপুরা সীমান্ত পার করে দেয়। তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে শিলচরে পৌঁছানো। এই ঘটনা আবারও সীমান্ত এলাকায় সক্রিয় দালাল চক্রের বিষয়টি সামনে নিয়ে এল। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের মূল পান্ডাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*