রাস্তা নেই, দুর্ভোগে তিন কালীবাড়ি এলাকার বাসিন্দারা — ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || ৩২ নম্বর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকার তিন কালীবাড়ি এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার। কারণ, এলাকার যাতায়াতের জন্য এখনো পর্যন্ত নেই কোনও পাক্কা রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তার দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুফল না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।
জানা গেছে, উক্ত এলাকায় প্রায় ১৬টি পরিবার বসবাস করেন। প্রতিবার নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন রাস্তাটি দ্রুত মেরামত কিংবা নির্মাণ করে দেওয়া হবে। কিন্তু নির্বাচনের পরে সেই প্রতিশ্রুতি কার্যত হারিয়ে যায় রাজনৈতিক মঞ্চের ভাষণে।
বাসিন্দাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত বা বিধায়কের পক্ষ থেকে কেউই আর তাঁদের খোঁজখবর নেন না। এমনকি রাস্তাটি বর্তমানে এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে, সাধারণ মানুষ তো দূরের কথা, গরু ছাগলও চলাচল করতে পারছে না। ফলে বর্ষার মরশুমে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া বা ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়াও হয়ে পড়েছে অত্যন্ত কষ্টসাধ্য।
এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে জানান, “নির্বাচনের সময় আমাদের দরজায় দরজায় এসে ভোট চায়, আর প্রতিশ্রুতি দেয় রাস্তাঘাট করে দেবে। কিন্তু ভোট পেয়ে যাওয়ার পর আর ফিরে তাকায় না কেউ।”
তাঁদের দাবি, অবিলম্বে এলাকায় যাতায়াতের উপযুক্ত রাস্তা তৈরি করে দেওয়া হোক, না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*