আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই || রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি মানবিক কর্তব্যেও নজির গড়লেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রবিবার সকালে আগরতলা থেকে উদয়পুরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে উদয়পুর পুলিশ লাইন এলাকার সামনে ঘটে যাওয়া এক অটো দুর্ঘটনায় থমকে দাঁড়ালেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে পড়ে যায়। তাতে গুরুতর আহত হন অটোর চালকসহ বেশ কয়েকজন যাত্রী। ঠিক সেই মুহূর্তে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর কনভয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে এক মুহূর্ত দেরি না করে নিজের গাড়ি থামিয়ে আহতদের পাশে দাঁড়ান মন্ত্রী স্বয়ং।
মন্ত্রী আহতদের দ্রুত উদ্ধারে স্থানীয়দের সঙ্গে হাত লাগান এবং নিজের কনভয়ের গাড়িতে করেই তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাঁর এমন মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার বইছে সর্বত্র।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “এই ধরনের পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব। আমি কেবল আমার কর্তব্যটাই করেছি।”
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। মন্ত্রীর তৎপরতায় দুর্ঘটনাস্থলে দ্রুত উদ্ধার কার্য শুরু হওয়ায় বড় রকমের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
