পানীয়জল ও রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ০৪ আগস্ট || পানীয় জল ও রাস্তাঘাট সংস্কারের দাবিতে সোমবার দুপুরে উত্তাল হয়ে ওঠে কৈলাসহরের চিনিবাগান এলাকা। গৌরনগর ব্লকের অন্তর্গত ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের দাবিতে কার্যত হতাশ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। কৈলাসহর-ধর্মনগর বিকল্প জাতীয় সড়কের উপর এই অবরোধে দু’দিক থেকে প্রচুর গাড়ি আটকে পড়ে এবং নিত্যযাত্রী ও পথচারীরা মারাত্মক সমস্যার সম্মুখীন হন।
গ্রামবাসীদের অভিযোগ, ডলুছড়া গ্রামে পানীয়জলের কোনও স্থায়ী উৎস নেই। বারবার লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তর ও পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহও করা হয় না বলে অভিযোগ ওঠে। পাশাপাশি দীর্ঘদিন ধরে গ্রামীণ রাস্তা সংস্কার না হওয়ায় তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীদের দাবি, রাস্তা সংস্কারের নামে পঞ্চায়েতের এক সদস্য টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এইসব সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শুরু হয় সড়ক অবরোধ। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী অবরোধস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে আলোচনায় বসলেও কোনও সুরাহা হয়নি। পরে দুপুর দেড়টা নাগাদ অবরোধস্থলে উপস্থিত হন কৈলাসহর মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি মেজিস্ট্রেট মতি রঞ্জন দেববর্মা, পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিক নির্মল চন্দ্র বিশ্বাস, গৌরনগর ব্লকের আধিকারিক ও ভগবান নগর পঞ্চায়েতের সচিবরা।
আলোচনার পর সিদ্ধান্ত হয়, স্থায়ী পানীয়জলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিদিন দু’বার গ্রামে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু হবে। এই আশ্বাস পাওয়ার পর দুপুর ২টা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা।
জাতীয় সড়কে অবরোধের জেরে যানজটের পাশাপাশি ব্যাপক জনভোগান্তি দেখা দেয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*