গোপাল সিং, খোয়াই, ০৭ আগস্ট || খোয়াইয়ে এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার খোয়াই মহকুমার চাম্পাহাউর থানা এলাকার দিনকোবরা এলাকা থেকে নারায়ণ দেবনাথ (৪০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি খোয়াই থানাধীন মহাদেবটিলা এলাকায়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই সন্দেহ করছে।
বিজেপি খোয়াই জেলা সাধারন সম্পাদক সমীর দাস জানান, এদিন সকালে দিনকুবরা এলাকার বাসিন্দারা একটি দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাম্পাহাউর থানায়। খবর পেয়েই চাম্পাহাউর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়েছে। এদিকে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
