আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || বয়ঃসন্ধিকালীন কৌতূহল কিংবা নেশাগ্রস্ত সহপাঠীদের প্রভাবে শিরাবাহিত মাদকের কবলে পড়ে প্রতিবছর বহু কিশোর–কিশোরী মারণব্যাধি এইচআইভি/এইডসে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া প্রায় ২ লক্ষ ৩১ হাজার শিক্ষার্থীর মধ্যে নেশাদ্রব্যের কুফল ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের ১,১৮৭টি বিদ্যালয়ের প্রায় ৬,০০০ ক্লাসরুমে একযোগে শুরু হয়েছে নেশাবিরোধী বিশেষ কার্যক্রম ‘বেল অব অ্যাওয়ারনেস’।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা। এছাড়া স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রেবেল হেমেন্দ্রকুমারসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিন মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ইন্টেন্সিফাইড আইইসি ক্যাম্পেইনের সূচনা করেন এবং প্রতীকী বেল বাজিয়ে রাজ্যের প্রায় ১,২০০টি স্কুলে (ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত) এইডস বিষয়ক শিক্ষাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। একইসঙ্গে ওটিএস ট্রিটমেন্টের মাধ্যমে মাদকমুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা এক প্রাক্তন ইনজেকশন ড্রাগ ব্যবহারকারীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মুখ্যমন্ত্রী বলেন, “যুব সমাজকে মাদক ও মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মের সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
