আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি মঙ্গলবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। এদিন প্রাসাদের সামনে থেকে এক বিশাল তিরঙ্গা র্যালি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সমাপ্ত হয়।
কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের বিভিন্ন মন্ত্রী, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি, বিধায়ক-বিধায়িকা, আগরতলা পুর নিগমের মেয়র ও কর্পোরেটর সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার মহান গৌরবকে প্রতিটি গৃহে পৌঁছে দেওয়ার অঙ্গীকারে এবছরও ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের র্যালির পর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে দু’দিনব্যাপী তিরঙ্গা মেলার সূচনা করা হয়। একইসঙ্গে ভবনের ভেতরে আয়োজিত প্রদর্শনী ও বিএসএফ জওয়ানদের মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে।
আসমুদ্র হিমাচল, প্রতিটি ভারতবাসীর হৃদয়কে একই সুত্রে গেঁথে রাখার বার্তাই যেন প্রতিধ্বনিত হয় এদিনের কর্মসূচিতে।
