গোপাল সিং, খোয়াই, ১২ আগস্ট || দেশের ৭৯”তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশপ্রেমের বার্তা নিয়ে খোয়াইয়ের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় গর্জে উঠল সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাইক। মঙ্গলবার সকালে আশারামবাড়ীতে বিএসএফ-এর ৭০ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’ বাইক র্যালি সীমান্ত এলাকার বাতাসে ছড়িয়ে দিল জাতীয়তাবাদের সুর। এদিন সকাল আনুমানিক নয়টা নাগাদ এই বিশেষ কর্মসূচি শুরু হয়। বিএসএফ জওয়ানরা তাঁদের বাইকে জাতীয় পতাকা লাগিয়ে সারিবদ্ধভাবে এই যাত্রায় অংশ নেন। দেশাত্মবোধক গানের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা সীমান্ত এলাকা। এই র্যালিটি খোয়াই মহকুমার বিভিন্ন সীমান্ত গ্রাম পরিক্রমা করে, যার মূল উদ্দেশ্য ছিল সীমান্তবাসীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধের চেতনাকে আরও জাগ্রত করা। বিএসএফ সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবসের আগে সীমান্ত এলাকার প্রতিটি কোণায় জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দিতে এবং সীমান্তবাসীদের সাথে বাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিএসএফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
