গোপাল সিং, খোয়াই, ১৫ আগস্ট || শুধু পার্সেল নয়, এবার ঘরের দরজায় দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতে পথে নামলেন ডেলিভারি সংস্থার সদস্যরা। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, দেশমাতৃকার টানে এক অভিনব বাইক র্যালির আয়োজন করে নজির গড়ল খোয়াই এবং চেবরী অঞ্চলের ফ্লিপকার্ট এবং মিশো-র মতো অনলাইন বিপণন সংস্থার সদস্যরা। তাঁদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ শহরবাসীর নজর কেড়েছে এবং স্বাধীনতা দিবসের উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে।
এদিন সকাল থেকে শহরের রাজপথ এক নতুন দৃশ্যের সাক্ষী থাকল। যাঁদের আমরা প্রতিদিন দেখি আমাদের অনলাইন কেনাকাটার সামগ্রী নিয়ে ছুটে বেড়াতে, সেই কর্মব্যস্ত যুবকরাই আজ সেজে উঠেছিলেন তেরঙ্গার রঙে। তাঁদের বাইকগুলি সজ্জিত ছিল জাতীয় পতাকায়। এই বর্ণাঢ্য র্যালিটি খোয়াই শহর ও তার শহরতলি পরিক্রমা করে এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দেয়। প্রথমেই তারা পতাকা উত্তোলন করে এবং এরপরই র্যারীর সূচনা হয়। কর্মব্যস্ত জীবনের ফাঁকেও দেশের প্রতি ভালোবাসা প্রকাশের এই নতুন আঙ্গিক এক নতুন অধ্যায়ের সূচনা করল। খোয়াইয়ের এই দুটি ডেলিভারি সংস্থার উদ্যোগ প্রমাণ করে দিল, দেশপ্রেম কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা নয়; তা স্বতঃস্ফূর্ত এবং হৃদয় থেকে উৎসারিত এক আবেগ, যা প্রকাশের জন্য কোনো মঞ্চের প্রয়োজন হয় না।
