আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট || বিশ্ব চিত্র দিবস উপলক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হলো ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত তিন দিনের বিশেষ চিত্র প্রদর্শনী। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ৩৮ জন চিত্র সাংবাদিকের তোলা মোট ৭৫টি ছবি নিয়ে প্রদর্শনীর সূচনা হয় এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন, পরিবহন ও খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের অতিরিক্ত মহা-নির্দেশক কৃষ্ণেন্দু চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রনব সরকার, সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ সংবাদ জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। অতিথিরা তাঁদের বক্তব্যে শুধুমাত্র রাজ্যের মধ্যেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরার চিত্র সাংবাদিকদের গৌরবময় ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অভিষেক দেববর্মা। সমাপনী বক্তব্যে সভাপতি প্রলয় জিৎ পাল সকলকে ধন্যবাদ জানান। উল্লেখযোগ্যভাবে, ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এই বছর ২৫ বছরে পদার্পণ করেছে—রৌপ্য জয়ন্তী বর্ষে পা রেখেই এই বিশেষ উদ্যোগের আয়োজন করা হলো।
১৯ থেকে ২১শে আগস্ট পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই উদ্যোগ সফলভাবে চিত্র সাংবাদিকতার মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে।
