আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর || “শিক্ষকতা শুধু রোজগারের জন্য নয়, এটি অন্তরের টান ও দায়বদ্ধতার পেশা”—এই মর্মবাণীকে সামনে রেখে শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পালিত হলো ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মজয়ন্তী তথা ৬৪’তম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এদিন প্রকাশ করেন এ বছরের প্রকাশিত স্মরণিকা ‘শিক্ষা সমাচার’।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা হলেন বড় বটবৃক্ষের শিকড়ের মতো। সেই শিকড়ের উপর ভিত্তি করেই ছাত্রছাত্রীরা ফুল ও ফলের মতো বিকশিত হয়। সমাজ গঠনে তাঁদের অবদান অমূল্য।”
এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ড. অতুল দেববর্মাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান, শ্রীমতি প্রণতি দেববর্মাকে মহারানী তুলসীবতী সম্মান এবং প্রাক্তন সেনা কর্মী, শিক্ষক ও সমাজসেবক শ্রী সমীর চক্রবর্তীকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মান প্রদান করা হয়।
পাশাপাশি রাজ্যের শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য অন্যান্য শিক্ষকরাও সম্মানিত হন। শিক্ষক সমাজের এই অবদানকে স্মরণ করেই দিনটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
