গোপাল সিং, খোয়াই, ১৪ সেপ্টেম্বর || রাজ্যে আবারও মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ। প্রায় ২০ লক্ষ টাকার গাঁজা আটক করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার কমলপুর থানার অন্তর্গত শ্রীরামপুর নাকা পয়েন্টে পুলিশের নিয়মিত চেকিং চলাকালীন একটি হুন্ডাই অরা (নম্বর TR-03-Q-0316) গাড়িকে থামার সিগনাল দেওয়া হলে চালক তা উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। কিছুদূর গিয়েই গাড়িটি ফেলে চালক ও সহযাত্রী দু’জনেই অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করে তল্লাশি চালালে পিছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। গাড়ি ও মাদকদ্রব্য দুটোই কমলপুর থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা সম্পর্কে এসডিপিও সমুদ্র দেববর্মা জানান, “উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় বিশ লক্ষ টাকা। অভিযুক্তদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
