বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২২ সেপ্টেম্বর || শান্তিরবাজার প্রেস ক্লাবের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মেগা স্বাস্থ্যশিবির। অন্ধ্রপ্রদেশের গ্রেট ইস্টার্ন মেডিকেল স্কুল অ্যান্ড হসপিটালের একদল বিশেষজ্ঞ চিকিৎসক এই স্বাস্থ্যশিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন। স্থানীয় বিদ্যাজ্যোতি স্কুলের বি আর সি হলে অনুষ্ঠিত এই শিবিরে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত ভূমিকা রাখতে পেরে তারা গর্বিত। আর্থিক অভাবে যেসব মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্যই মূলত এই উদ্যোগ।
এদিনের শিবিরে অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের স্বাস্থ্য শিবির তাদের জন্য অত্যন্ত সহায়ক। তারা শান্তিরবাজার প্রেস ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রেসক্লাব কর্তৃপক্ষের আশ্বাস, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
